বসুন্ধরা সিটি শপিং মলের সামনে অশোভন আচরণের দায়ে জনতার ধাওয়ার মুখে পড়লেন চিত্রনায়ক অমিত হাসান। গত ১৩ সেপ্টম্বর বসুন্ধরা সিটিমলে চার মাসের শিশু তাহসিনের চিকিত্সার জন্য তহবিল সংগ্রহকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অশালীন ব্যবহার করায় সিনেমার হিরো গণরোষের কবলে পড়েন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চার মাসের তাহসিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক কর্মকর্তার সন্তান। তাহসিনের জন্য পথে নেমেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা, গত শুক্রবার সকাল থেকেই বসুন্ধরা শপিং মলের গেটে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে থেকে অর্থ সহায়তা চাচ্ছিলেন তারা। শিক্ষার্থীরা জানান, দুপুর ২টার দিকে চিত্রনায়ক অমিত হাসানকে দেখে অনেকটা উচ্ছাস নিয়ে এগিয়ে যান এক ছাত্রী। শিশু তাহসিনের চিকিত্সার জন্য সহায়তা চান। অমিতের সঙ্গে আসা নারী হঠাত্ করেই সাংবাদিকতার সেই ছাত্রীকে অকথ্য গালিগালাজ শুরু করেন। পরিচয়পত্র দেখিয়েও শিক্ষার্থীরা অমিত হাসানের বান্ধবী পরিচয় দেওয়া ওই মুখরা রমণীর অশ্লীল বাক্যবর্ষণ থেকে রেহাই পাননি। তাদের নাকাল অবস্থা দেখে বসুন্ধরার কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে আসেন, সাধারণ মানুষও জগন্নাথের শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়। সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্রী তাজরিন প্রতিবেদককে জানান, ‘এক পর্যায় আমাদের ক’জনের দিকে তেড়ে আসেন অমিত হাসান নিজেও। সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।’ অমিত হাসান রীতিমতো মারমুখী হয়ে শিক্ষার্থীদের বলেন, ‘আমি বাংলাদেশের বড় বড় সাংবাদিকদের পকেটে রাখি আর তোরা তো সাংবাদিকতার শিক্ষার্থী!’ এমন অশালীন কথায় ‘জনতাও উত্তেজিত হয়ে পড়ে, ধাওয়া করে অমিত হাসানকে। অবস্থা বেগতিক দেখে অমিত হাসান তার বান্ধবীকে নিয়ে দৌড়ে পালিয়ে স্থান ত্যাগ করেন। এ ব্যাপারে মতামত জানতে চাইলে অমিত হাসান কোনো মন্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
