এ দেশের টেলিভিশনে নারী নাট্যকারদের মাঝে অন্যতম নাট্যকার ফারিয়া হোসেন। দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য টিভি নাটক রচনা করেছেন। ১৯৯৪ সালে ডিসেম্বরে বিটিভি প্যাকেজ নাটক নির্মাণের ঘোষণার পর ৯৫-এর ফেব্রুয়ারিতে ‘অভিমান অনুভবে’ নাটকটির শুটিং শুরু করেন তিনি। টনি ডায়েস ও মৌ অভিনীত নাটকটি সে সময় বেশ আলোড়ন তৈরি করেছিল। আমেরিকাতে চিত্রিত তারই রচিত প্রথম নাটক এ দেশের টেলিভিশনে প্রচারিত হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। তাই এ দেশের প্যাকেজ নাটক নির্মাণের ক্ষেত্র তৈরিতে তিনি অন্যতম পথ প্রদর্শকের ভূমিকা রেখেছেন। সম্প্রতি কয়েক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেছেন এই নাট্যকার। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন নাটক লেখায়। আসছে ঈদে তার চার-পাঁচটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারের সম্ভাবনা রয়েছে। আজ তার শুভ জন্মদিন। দীর্ঘ ১২ বছরের প্রবাস জীবনে তৃতীয়বারের মতো দেশে জন্মদিন পালন করছেন তিনি।
