শিনজিয়াংয়ে সহিংসতার দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে চীনের একটি আদালত। ওই সহিংসতায় ৩৫ জন নিহত হয়েছিল। শুক্রবার চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে।— বিবিসি অনলাইন।
চলতি বছরের ২৬ জুন চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রধান শহর উরুমকি থেকে ২শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বের লুক্কুন টাউনশিপে এ সহিংসতার ঘটনাটি ঘটেছিল। এটিকে একটি “সন্ত্রাসী হামলা” বলে উল্লেখ করে আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আহমান্তিয়াজ সিদ্দিক, উরায়িম এলি এবং আবদুল্লাহ ইস্রাফিলকে মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে সিদ্দিককে সন্ত্রাসীদের নেতা বলে অভিহিত করেছে। হামলায় জড়িত অপর এক ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতরা “ধর্মীয় উগ্রবাদ ছড়ায়” এবং “সহিংসতায় ইন্ধন সৃষ্টিকারী বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোর ভিডিও দেখে” বলে জানিয়েছে সিনহুয়া। ঐ দিন একদল উত্তেজিত মানুষ ছুরি হাতে স্থানীয় থানা আক্রমণ করে। এতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি করতে বাধ্য হয়। ওই সময় এক সংবাদে এমনটিই জানিয়েছিল সিনহুয়া। হামলায় ২৪ বেসামরিক ও ১১ হামলাকারী নিহত হয়েছিল। শিনজিয়াংয়ে প্রায়ই উইঘুর মুসলিম ও চীনা হানদের মধ্যে জাতিগত দাঙ্গা বাধে। অনেকদিন ধরেই দুটি পক্ষের মধ্যে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা বিরাজ করছে।
