মনিপুরে বিস্ফোরণে নিহত ৮
ভারতের মনিপুরের ন্যায়পাল এলাকায় শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, ঐ রাতের বিস্ফোরণের ঘটনায় কোন সংঘটিত জঙ্গি সংগঠনের হাত রয়েছে। তবে এখনো কোন জঙ্গি সংগঠন ঐ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি। —বর্তমান পত্রিকা
জঞ্জাল থেকে প্লাস্টিক
হংকং শহরের অর্গানিক বর্জ্য থেকে প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ ও তা থেকে বাডতি রোজগার - দুটোই সম্ভব হচ্ছে। হংকং শহরে সারাদিন আবর্জনা বোঝাই ট্রাক চলে। এর মধ্যে তিন হাজার ৫শ’ টনেরও বেশি আবর্জনাই অর্গানিক। পচে যাওয়া ফলমূল, কফির গুঁডা, খাবার-দাবার ইত্যাদি। শহরে জায়গা খুবই কম। ফলে এত আবর্জনা ফেলার ব্যবস্থাও নেই। তাই হংকং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা অর্গানিক আবর্জনা থেকে তৈরি প্লাস্টিক দিয়ে বাজারের থলি, বাসন ও মোডক বানাচ্ছে। —ডয়চে ভেলে
হাইব্রিড স্পোর্টস কার
জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে আয়োজিত আন্তর্জাতিক মোটর শোতে হাইব্রিড স্পোর্টস কার নামে এক ধরনের গাড়ি স্থান পেয়েছে । ৯১৮ স্পাইডার নামে গাড়িটি ঘণ্টায় ২১১ মাইল গতিতে চলতে পারে। কর্মক্ষমতা ও দক্ষতা- দুটো বিষয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গাড়িটি তৈরি করা হয়েছে। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শ জানিয়েছে, গাড়িটি কম জ্বালানি খরচ করবে। একশ’ কিলোমিটার পথ চলতে মাত্র তিন লিটার জ্বালানির প্রয়োজন হবে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে গাড়িটি বিক্রি শুরু হবে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৪৫ হাজার ডলার। —রয়টার্স
ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ
ভারতের মেডিক্যাল ছাত্রীর ধর্ষণ মামলায় আসামীদের ফাঁসির রায় হয়েছে। এ রায় শোনার পর মেয়েটির জন্মস্থান ভারতের উত্তর প্রদেশের বালিয়ায় বাজনা বাজিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। শত শত মানুষ গ্রামের মন্দিরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তি কামনা করেছে। গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষিত হয়েছিল এই গ্রামের নিম্নবিত্ত পরিবারের মেয়েটি। ১৩ দিন জীবনের সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। —বর্তমান পত্রিকা
