আবারো কমেছে স্বর্ণের দাম। প্রায় একমাস পর এ দাম কমল। এ দফায় প্রতি ভরিতে মানভেদে ৮১৭ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমেছে। গতকাল শনিবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। অন্যদিকে রুপার দামও কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে বিক্রির জন্য স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস।
সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ১৬৬ টাকা কমেছে। আগে এ মানের স্বর্ণ বিক্রি হতো ৫০ হাজার ৭৩৮ টাকায়। গতকাল থেকে তা ভরিপ্রতি ৪৯ হাজার ৫৭২ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণে কমেছে এক হাজার ১০৮ টাকা। এ মানের স্বর্ণের ভরিপ্রতি ৪৮ হাজার ৪৬৩ টাকার বদলে ৪৭ হাজার ৩৫৫ টাকা করে বিক্রি শুরু হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৯৩৩ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৪০ হাজার ৫৯০ টাকায়। আগে এ মানের প্রতি ভরি বিক্রি হত ৪১ হাজার ৫২৩ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণে প্রতি ভরিতে কমেছে ৮১৭ টাকা। অর্থাত্ ভরিপ্রতি ২৯ হাজার ১৬০ টাকার বদলে এখন ২৮ হাজার ৩৪৩ টাকায় বিক্রি হবে। একইসঙ্গে প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এক হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৮৩ টাকা নির্ধারিত হয়েছে।
