দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যদের নিকুঞ্জ ভবনের স্পেস স্থায়ীভাবে বরাদ্দ না দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ভাড়া অথবা লিজের মাধ্যমে সদস্যদের স্পেস দিতে বলা হয়েছে। সেক্ষেত্রে গত ৫ আগস্ট ডিএসই ২৫০ জন সদস্যকে যে বরাদ্দ দিয়েছিল তা বাতিলের পরামর্শ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিএসইসির বোর্ড রুমে অনুষ্ঠিত ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন বিষয়ক বৈঠকে এ পরামর্শ দেয়া হয়। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনার আমজাদ হোসেন, আরিফ খান, আব্দুস সালাম শিকদার, ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম টিটু, সিইও স্বপন কুমার বালাসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক সূত্রে জানা যায়, আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন স্কিম চূড়ান্ত অনুমোদন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ডিএসইর বোর্ডের সদস্য সংখ্যা হবে ১৩ জন। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক থাকবেন ৭ জন, শেয়ারহোল্ডারদের থেকে থাকবেন ৪ জন, ডিএসইর সিইও এবং একজন স্ট্র্যাটেজিক ইনভেস্টর থাকবেন। আগামী ২৪ বা ২৫ সেপ্টেম্বর বিএসইসির পরামর্শের ওপর ডিএসইর অভিমত জানতে বৈঠক অনুষ্ঠিত হবে। স্কিম অনুমোদনের পর ২৯ অক্টোবরের মধ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করতে হবে। এ সভার পরবর্তী ১৫ দিনের মধ্যে ডিএসইকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
