সবুজের মাঝে সাদা কালোর অপরূপ মেলা...

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৪
প্রকৃতিতে সবুজ অপরূপ সুন্দরের প্রতীক। আর দৃষ্টিতে যদি সবুজের ফাঁকে ফাঁকে সাদা ধরা দেয় তাহলে তো কথাই নেই। এ যেন চিরন্তন বাংলার রূপ। পঞ্জিকার হিসাবে বর্ষা ঋতু অনেক আগেই বিদায় নিয়েছে। চলছে শরত্কাল। কিন্তু প্রকৃতিতে শরত্ নেই, আছে বর্ষা। আকাশে ভেসে বেড়ায় সাদ সাদা মেঘের ভেলা। কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে সম্প্রতি তেমন একটি দৃশ্য সবার নজর কাড়ে। সবুজ বাঁশের সবুজ পাতা। এর মধ্যে বসে রয়েছে ধবধবে সাদা বক। একটি দুটি নয়, শয়ে শয়ে বক প্রকৃতিকে করে তুলেছে অনিন্দ্যসুন্দর। সাদা বকের মধ্যে ছিলো কয়েকটি কালো প্রজাতির বক। শেষ বিকালে সাদা-কালো বকের উপস্থিতিতে মেঘলা আকাশ সবমিলে যেন প্রকৃতির সৌন্দর্য লুটোপুটি খাচ্ছিল। আর এমন দৃশ্য দেখার জন্য থমকে দাঁড়াতে হয়েছে শিশু থেকে সকল বয়সের লোকদের। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, অনেকে ঠাঁয় দাঁড়িয়ে প্রকৃতির এমন অপার সৌন্দর্য উপভোগ করছেন। আবার ক্যামেরা হাতে কেউ কেউ সবুজের মাঝে সাদা-কালো বকের দৃশ্য ক্যামেরাবন্দী করেন। এ ধরনের দৃশ্য সহসা লোকালয়ে দেখা যায় না। শহর-নগরের অট্টালিকা ছেড়ে গ্রামীণ জনপদে এমন নান্দনিক সৌন্দর্যে অবগাহন করা যায়। ফসলি জমির মাঠ বা বিল-জলাশয়ে সারি-সারি বকের দেখা মিলে। দিনভর উড়ে চলা ও আহার শেষে পড়ন্ত বিকালে বকের সারি ঠাঁই নেয় বাঁশবনে।