মোবাইল ফোনে প্রেম অতপর প্রেমিকার আহ্বানে সাড়া দিয়ে বেড়াতে এসে বিএসএফের হাতে ধরা পড়ে এখন ভারতের কারাগারে কিশোরগঞ্জের এক যুবক। শুক্রবার ভোর রাতে মইদাম সীমান্তে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের সাওতা গ্রামের শামসুল আলমের ছেলে খায়রুল আলম নিজেকে ছাত্র পরিচয় দিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিমছাট গোপালপুর গ্রামের আবুল কাশেমের কন্যা মাদরাসা ছাত্রী জুলেখার সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমিকার আহ্বানে গত বৃহস্পতিবার সে ভুরুঙ্গামারীতে প্রেমিকার বাড়িতে আসে। মেয়ের পরিবারের লোকজন ঘটনা জানতে পেরে তাকে আটকিয়ে আত্মীয়-স্বজনকে খবর দেয়। গত শুক্রবার তাদের আসার কথা ছিলো। এ খবর জানতে পেরে ঐদিন ভোরে কৌশলে প্রেমিকার বাড়ি থেকে পালিয়ে পথ ভুলে মইদাম সীমান্ত দিয়ে ভারতের দীঘলটারী গ্রামে ঢুকে পড়ে। এসময় দীঘরটারী ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে দিনহাটা থানা পুলিশে সোপর্দ করে। দিয়াডাঙ্গা বিজিবি হেডকোয়াটারের সুবেদার ইমরান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা বিএসএফ’র সাথে যোগাযোগ করেছি । তারা যুবকটিকে থানায় সোপর্দ করেছে বলে জানিয়েছে।
