মাত্র ৩ মাসের ব্যবধানে দুর্বৃত্তদের হামলায় সদর উপজেলার চাপুইর গ্রামের একই পরিবারের দু’জন খুন হয়েছে। একটি মামলায় ৩ জন গ্রেফতার হলেও অপর মামলার এখনও কুলকিনারা হয়নি। এ নিয়ে ওই এলাকায় আতংক বিরাজ করছে। গত ৬ জুলাই এ গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী লাইলী বেগমের লাশ বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে পুলিশ উদ্ধার করে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১০ সেপ্টেম্বর শফিকুল ইসলামকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
