পূর্বধলায় রেলের টিকিট বিক্রি করে পান দোকানি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
জারিয়া-ময়মনসিংহ রেলপথে নেত্রকোনার পূর্বধলা রেলস্টেশন থেকে জারিয়া-ঝানজাইল যাওয়ার জন্য প্রায় শতাধিক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ টিকিটি সংগ্রহের জন্য স্টেশন মাস্টারের কক্ষের দরজার সামনে ভিড় করছেন। কিন্তু মাস্টারের কক্ষটি তালাবদ্ধ থাকায় যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারছেন না। এক সময় স্টেশনের কুলি সরদার বিশ্বনাথ চৌহান এসে কক্ষের তালা খুলে টিকিট মাস্টারের ভূমিকায় টিকিট বিক্রি শুরু করলেন। মঙ্গলবার জারিয়া-ময়মনসিংহ রেলপথে পূর্বধলা রেলস্টেশনে এমন চিত্র দেখা যায়। এ সময় জারিয়াগামী যাত্রী আয়ুব আলী জানান, জারিয়ার টিকেট নেই, মাস্টারের ভূমিকায় টিকিট বিক্রেতা বিশ্বনাথ এমন কথা জানিয়ে দিলে টিকেট করতে পারিনি। স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে দেখা গেল ভাংতিজনিত কারণে যাত্রীদের অনেককে টিকিট না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন বিশ্বনাথ চৌহান। আর এক যাত্রী রমজান আলী জানান, ট্রেনে টিকিট চেক করে না, তাই টিকিট করি না। মাঝে-মধ্যে চেক করলেও টিটিকে কিছু দিলেই হয়। অপরদিকে এ পথে জালশুকা স্টেশনেও দীর্ঘদিন ধরে পান দোকানি দিয়ে চলছে স্টেশন মাস্টারের কাজ। ওই স্টেশনের স্টেশন মাস্টার লোকমান হোসেন তার কর্মস্থলে থাকেন না এমন অভিযোগ স্থানীয়দের। তার বদলি হিসাবে স্থানীয় পান দোকানি রতন মিয়া স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। স্টেশন মাস্টার লোকমান হোসেন সপ্তাহে একদিন এসে পুরো সপ্তাহের হিসেব নিয়ে চলে যান। এ ব্যাপারে স্টেশন মাস্টার লোকমান হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।