জাল দলিলে ২১ একর সরকারি জমির নামজারি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
বিরামপুরে ২১ একর ৫২ শতক বন শ্রেণিভুক্ত সরকারি জমি অর্ধ শতাধিক জাল দলিলের মাধ্যমে ব্যক্তি মালিকানায় রেকর্ডভুক্ত করার অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তাদের যোগসাজসে সৃষ্ট ঐসব ভুয়া দলিল সম্পর্কে তদন্ত শুরু করেছে জরিপ অধিদপ্তর। বিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঐসব দলিলের কোন সন্ধান পাওয়া যায়নি। বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর মৌজার ৬৫৬২নং দাগের ২১ একর ৫২ শতক বন শ্রেণিভুক্ত জমি এক হিন্দু জমিদারের নামে এসএ রেকর্ড রয়েছে। স্বাধীনতার পূর্বে উক্ত জমিদার দেশত্যাগ করায় জমির মালিকানা সরকারি নিয়ন্ত্রণে চলে যায়। যে কারণে ভুমি অফিস কোন প্রজার নিকট থেকে খাজনা গ্রহণ করেনি। দক্ষিণ সাহাবাজপুর গ্রামের স্থায়ী বাসিন্দা স্থানীয় একটি কলেজের এক প্রভাষক এবং একটি জালিয়াত চক্র কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে ৫০/৬০টি ভুয়া দলিল করে নামজারির জন্য জমা দেয়। খাজনা ও খারিজ ছাড়াই এ বিশাল বনভূমি ভুয়া ব্যক্তি মালিকানায় পরচা দেয়া হয়। ভূমি জরিপ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর ও উপ-সচিব মাহবুবুর রহমান জানান, বিরামপুর জরিপ অফিসের সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।