কুমিল্লা, হবিগঞ্জ, বাগেরহাট চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কুমিল্লা
কুমিল্লা-নোয়াখালী সড়কের সদর দক্ষিণ উপজেলার চানপুর এলাকায় গত শনিবার সকালে আব্দুল মান্নান (৫৫) নামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সে নোয়াখালীগামী ইকোনো পরিবহনের একটি বাসকে থামানোর জন্য সংকেত দেন। এ সময় বাসটি না থামিয়ে চালক দ্রুতগতিতে যাওয়ার সময় ওই বাসের চাপায় আবদুল মান্নান গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সে কুমিল্লার বরুড়া উপজেলার জোয়াগ গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র। হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করেছে।
হবিগঞ্জ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন-পুরানবাজার এলাকায় ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে গত শুক্রবার সকালে হারুন মিয়া (২৮) নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। সে বাহুবল উপজেলার কান্দিগাঁও গ্রামের তাহের মিয়ার ছেলে। স্থানীয় পল্লী বিদ্যুত্ কার্যালয়ের সামনে দাঁড়ানো ট্রাকের সাথে অটোরিকশার ধাক্কা লাগলে অটোরিকশা চালক হারুন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারীতে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় সচিন্দ্রনাথ বিশ্বাস (৩৩) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ী নিহত এবং স্বাগতম মজুমদার (২৫) নামে অপর একজন গুরুতর আহত হন। মোটরসাইকেলযোগে কালশিরাস্থ বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে নারিকেল গাছের পাতা চালক সচিন্দ্রনাথ বিশ্বাসের মাথায় পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন আহত হন। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় সচিন্দ্রনাথ বিশ্বাস মারা যান। নিহত সচিন্দ্রনাথ বিশ্বাস চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের শৈলেন্দ্রনাথের ছেলে।
