আজ থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৭
আজ সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। করদাতাদের সচেতন ও কর প্রদানে উদ্বুদ্ধ করতে গত ২০১০ সাল থেকে এই মেলা আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানী ছাড়াও দেশের সাতটি বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী আয়কর মেলা আয়োজন করা হবে। এছাড়া এবার প্রতি জেলায়ও আগামী এক সপ্তাহের মধ্যে ২ দিন করে এ মেলার আয়োজন করা হচ্ছে। এই মেলার স্থান ও তারিখ স্থানীয় কর কমিশনার নির্ধারণ করবেন। গতবারের ন্যায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এ মেলা আয়োজন করা হবে। আজ সকালে মেলা উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হল, সিলেটে মোহাম্মদ আলী জিমনেসিয়াম, রাজশাহীতে জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, রংপুরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার, বরিশালে ক্লাব রোডের অমৃত লাল দে অডিটোরিয়ামে এবং খুলনার বয়রায় কর ভবন চত্বরে সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া পাঁচ দিনব্যাপী আয়োজন হবে পাবনা, বগুড়া, দিনাজপুর, পটুয়াখালী, যশোর, কুষ্টিয়া, গাজীপুর, ফরিদপুর, ময়মনসিংহ, নোয়াখালী ও কুমিল্লায়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এনবিআর সূত্রে জানা গেছে, এবারের কর মেলায় বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে অনলাইনে টিআইএন নিবন্ধন ব্যবস্থা ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনকে। এ বিষয়ে করদাতাদের সচেতন করতে আলাদা বুথ থাকবে। এছাড়া ই-পেমেন্ট, প্রযোজ্য কর হিসাব করার জন্য ট্যাক্স ক্যালকুলেটরের জন্য পৃথক অস্থায়ী বুথ স্থাপন করা হবে। এছাড়া মেলায় ঢাকার প্রতিটি কর অঞ্চলের জন্য পৃথক বুথ স্থাপন করা হবে। সেখানে করদাতারা কর তথ্য ও সেবা এবং তাদের অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি ও আয়কর বিবরণী জমা দিতে পারবেন। মেলা প্রাঙ্গণে করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে বরাবরের মত সোনালী ব্যাংকের অস্থায়ী বুথ থাকবে।