অতি চালাকের গলায় দঁড়ি!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:০০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক যুবক একজন ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম করার জন্য পুলিশ সেজে ধরা খেয়ে ১০ বছরের কারাদন্ডে দণ্ডিত হয়েছেন। ২০০৯ সালে সান্টা আনা এলাকার তারিক ইব্রাহিম নামের ওই যুবক একদিন ঘুরতে ঘুরতে একটি পার্কিং এলাকায় যান। সেখানে দেখেন একজন সিডি ব্যবসায়ী একটি সুপারমার্কেটের বাইরের ফুটপাতে বসে সিডি বিক্রি করছেন। তারিক সেখানে গিয়ে কিছুক্ষণ কয়েকটি সিডি ঘাঁটাঘাঁটি করতে থাকেন। এক পর্যায়ে সিডি ব্যবসায়ী তার মানিব্যাগ বের করলে সেটির ভিতর তার সুন্দরী স্ত্রীর ছবি দেখতে পান তারিক। তখনই তার মনে দুরভিসন্ধি জাগে। যেকোনো মূল্যে মেয়েটিকে পাওয়ার ফন্দি করেন তিনি। পরে একদিন হঠাত্ করে পুলিশের পোশাক পরে ওই সুপারমার্কেটের সামনে হাজির হয়ে ওই ব্যাবসায়ীকে তারিক বলেন, ‘ইউ আর আন্ডার অ্যারেস্ট’। ওই ব্যবসায়ী কাকুতি মিনতি করতে থাকেন তাকে গ্রেফতার না করার জন্য। কিন্তু তারিক নাছোড়বান্দা। তাকে গ্রেফতার করে নিয়ে যাবেনই। কিন্তু এক পর্যায়ে তার মনে একটু ‘দয়া’ উদ্রেক হলো। তিনি ওই ব্যবসায়ীকে শর্ত দেন, তাকে ছেড়ে দিবেন। কিন্তু বিনিময়ে তার স্ত্রীকে দিয়ে দিতে হবে! লোকটির মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। এমন প্রস্তাবে ছেলেটির সাথে থাকা একজনের সন্দেহ হয়। তিনি কৌশলে স্থানীয় পুলিশকে ফোন দেন। সাথে সাথে পুলিশ এসে তারিককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশ অপহরণ চেষ্টা, অর্থ আত্মসাত্ এবং ছদ্মবেশে অপকর্ম সাধনের অভিযোগ আনে। আদালতের শুনানিতে তারিক তার দোষ স্বীকার করেন। শনিবার তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। হয়তো জেলে বসে তারিক প্রতিদিন এই প্রবাদটি একবার করে আওড়াবেন -অতি চালাকের গলায় দঁড়ি!