সিরাজগঞ্জের গোটা চৌহালীকে শুকনো স্থানে রাখতেই দিচ্ছে না দানবরুপী যমুনা নদী। একের পর এক আবাদী জমি, বসতভিটা তার বিশাল থাবায় জলরাশিতে পরিণত করছে। বাদ যাচ্ছে না সরকারের নিজ টাকায় গড়া বিশাল অট্টালিকাসহ অফিস ভবন। তারই ধারাবাহিকতায় চৌহালী উপজেলা পরিষদ বিলীনের পর এবার নদী গিলতে শুরু করেছে উপজেলা কোর্ট ভবনটিকে। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ ভবনটিতে দীর্ঘদিন নির্বাচন অফিস ও রেজিস্ট্রি অফিসের কাজ চলতো। রবিবার দুপুর নাগাদ হঠাত্ পশ্চিম অংশ ভেঙ্গে পড়ে। যা পুরো ধসে গেলে নদী আঘাত হানবে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সকে। এটা রক্ষায় পাউবো বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে। তবে তারা বরাবরের মত সরকারি অর্থ অপচয় করে ব্যর্থতার পরিচয় দেবে বলেই ধারণা করছে এলাকাবাসী।
