পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু তিন জনের লাশ উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চার জন মারা গেছেন এবং তিন জনের লাশ উদ্ধার হয়েছে।—খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ঝালকাঠি শহরের স্টেশন রোড এলাকায় গত শনিবার দুপুরে শেফা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে শামিম তালুকদার নয়নের স্ত্রী। ঝালকাঠি সদর থানার ওসি আব্দুল মান্নান জানান, কি কারণে গৃহবধূ আত্মহত্যা করেছে তা জানা যায়নি। হাতিয়া (নোয়াখালী) উপজেলার সোনাদিয়া গ্রামে গত শনিবার মহিউদ্দিন মিয়ার পুত্র মনির উদ্দিন (৩০) বজ্রপাতে নিহত হয়েছে। এ সময় ছোট ভাই শরীফ উদ্দিন (২২) গুরুতর আহত হয়েছে। আহত শরীফ উদ্দিনকে হাতিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই সহোদর সকালে নিজ জমিতে কৃষি কাজ করার সময় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) চৌদ্দগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে শনিবার সন্ধ্যায় নাজমা আক্তার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে নেত্রকোনার দিনমজুর আবদুল মজিদের মেয়ে। স্থানীয়রা জানায়, নাজমা আক্তার বাসার পাশে কাজ করার সময় তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। স্বরূপকাঠি (পিরোজপুর) উপজেলার সংগীতকাঠি গ্রামে গত শনিবার রাতে সাইদুল ইসলাম (২৭) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রামের সৈয়দুর রহমানের ছেলে সাইদুল ইসলামের সাথে ৮ মাস পূর্বে সংগীতকাঠি গ্রামের মো. আলমের মেয়ে খাদিজার বিয়ে হয়। পুলিশ খবর পেয়ে গতকাল রবিবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ত্রিশাল (ময়মনসিংহ) ত্রিশালে ব্রহ্মপুত্র নদ থেকে তানজিল (১৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বুলি হোসেনের পুত্র। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। জয়পুরহাট সদরের আমতলী নূর হোটেল থেকে গতকাল রবিবার রাতে সাগর (১৭) নামে এক হোটেল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার চৌমুহনী গ্রামের জুলফিকার আলীর ছেলে। লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জয়পুরহাট পুলিশ সুপার হামিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্যামনগর (সাতক্ষীরা) শ্যামনগর চুনা নদী থেকে গত শনিবার বিকালে ইউসুফ (২৮) নামে বস্তাবন্দী অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মমিন গাজী ও তার স্ত্রী রহিমাকে লোহার পাইপ ও ছুরিসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করেছে।