দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ৫ জনের প্রাণহানি ও নৌকা ডুবিতে ৮ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গোদাগাড়ী (রাজশাহী)
গোদাগাড়ীতে পদ্মা নদীতে নৌকা ডুবিতে একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিখোঁজ এবং ইসরাত জাহান আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। জানা যায়, গত শনিবার দুপুরে গোদাগাড়ী হাটপাড়া খেয়াঘাট থেকে ৫০ জন যাত্রী নিয়ে স্যালো চালিত একটি নৌকা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলীতে যাওয়ার পথে গোদাগাড়ী থানার সমনে পদ্মা নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। ৪১ জন যাত্রীকে জীবন্ত উদ্ধার করলেও এখন পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলেন-দেলোয়ার হোসেন বাদশা (২৪), শারিফুল (৩৫), সায়েরা (৩৮), নুসরাত রুনী (৬), চান বানু (৩০), সাদেকুল ইসলাম (৫০), সেতারা (৪৫), সাদিকা (১২)। চর কোদালকাটি পশ্চিমপাড়া গ্রামের আড়াই বছরের শিশু কন্যা ইসরাত জাহানের লাশ উদ্ধার করা হয়।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে গত শনিবার দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- কাউয়ালারা গ্রামের আলাউদ্দিনের পুত্র মোর্শেদ (৭) ও নিশ্চিতপুর গ্রামের জিয়াউর রহমানের পুত্র লিম (৫)। তারা সম্পর্কে মামাতো ভাই। নানা বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে কেশরগঞ্জ বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফুলপুরে গত শনিবার সকালে গর্তের পানিতে ডুবে জুয়েল মিয়ার মেয়ে রুনা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকলের অগোচরে খেলতে খেলতে বাড়ির সামনে গর্তে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুমকি (পটুয়াখালী)
উপজেলার দুমকি গ্রামে সেন্টু মোল্লার মেয়ে শীলা আক্তার (৫) গতকাল রবিবার সকালে খাদে পড়ে পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন।
