অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত ৫ বছরে রাজস্ব আদায় ২২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ রকম প্রবৃদ্ধি গত ৩০ বছরে হয়নি। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আয়কর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।
অর্থমন্ত্রী বলেন, ২৭ বছর আগে জিডিপিতে করের অবদান ছিল ৮ শতাংশ। এর পর যখন ক্ষমতা গ্রহণ করি তখন ছিল ১০ শতাংশ। আর বর্তমানে তা ১৪ শতাংশে উন্নীত হয়েছে। চলতি সরকারের মেয়াদে রাজস্বখাতে ব্যাপক সফলতার কথা বললেও কর্পোরেট কর বা কোম্পানির কর হারকে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে না পারার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, একটি বিষয়ে কিছু করতে পারিনি। সেটি হলো কর্পোরেট কর। এটি মোটেই যুক্তিসঙ্গত নয়।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ রাজনৈতিক স্থিতিশীলতা দেয়ার দাবি জানান। তিনি বলেন, প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রত্যক্ষ কর বা আয়কর প্রদানের হার অনেক কম, মাত্র ৩৫ শতাংশ।
বর্তমানে দেশে সক্ষমতা থাকা সত্বেও খুব কম সংখ্যক মানুষ কর দেন বলে অভিযোগ করেন গোলাম হোসেন। তিনি বলেন, ১৭ লাখ করদাতা নিবন্ধিত হলেও কর দেন প্রায় ১২ লাখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও আয়কর আইনজীবী শাহ জিকরুল আহমেদ, এনবিআর সদস্য বশির উদ্দিন আহমেদ প্রমুখ।
শেষে দুই অর্থবছরের জন্য দেশের ২০ জন ব্যক্তি ও ২০ শীর্ষ করদাতা কোম্পানিকে ট্যাক্স কার্ড সম্মাননা দেয়া হয়। এছাড়া ঢাকা বিভাগের প্রতি জেলার ৫ জন করে শীর্ষ ও দীর্ঘমেয়াদী করদাতাকেও অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়। দেশের প্রতি জেলায় ৫ জন করে করদাতাকে এরকম সম্মাননা দেয়া হয়। রাজধানী ছাড়াও দেশের সব বিভাগীয় শহরে গতকাল আয়কর দিবসের অনুষ্ঠানে শীর্ষ করদাতাদের সম্মাননা দেয়া হয়।
