আমার নদী, আমার জীবন শীর্ষক সাইকেল শোভাযাত্রা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
রাজধানী ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীসহ অন্য নদীগুলোকে দূষণ ও দখলের হাত থেকে বাঁচাতে এবং জনসচেতনতা সৃষ্টি করতে “আমার নদী, আমার জীবন” প্রতিপাদ্য নিয়ে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা এগারটায় শাহবাগ জাতীয় জাদুঘরের মোড় থেকে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহামুদ সাইকেল শোভাযাত্রা উদ্বোধন করে নিজেই সাইকেল চালিয়ে টিএসসি চত্বর পর্যন্ত যান। এ সময় তার সঙ্গে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমসহ শতাধিক সাইকেল অভিযাত্রী ছিলেন। সাইকেল এবং ঘোড়ারগাড়ির শোভাযাত্রা এরপর বুড়িগঙ্গা দ্বিতীয় চীন-মৈত্রী সেতু অতিক্রম করে। এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন ও এভারেস্ট একাডেমী যৌথভাবে এর আয়োজন করে। সাইকেল শোভাযাত্রার প্রধান অতিথি ড. হাছান মাহমুদ বলেন, মানুষের শিরা-উপশিরা শুকিয়ে গেলে মানুষ যেমন বাঁচতে পারে না। ঠিক তেমনি নদীগুলো বাংলাদেশের শিরা-উপশিরা, বাংলাদেশের জীবন। কিন্তু শিল্পদূষণ, বর্জ্য দূষণের মাধ্যমে নদীগুলো বিলুপ্তির পথে। বাংলাদেশকে সবুজ রাখতে, বাসযোগ্য করতে নদী রক্ষা করা প্রয়োজন। বুড়িগঙ্গা নদীতে বর্জ্য দূষণের মাত্রা আগের চেয়ে কমেছে। ঢাকা শহরের মানুষ যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলত, তাহলে ঢাকা আরও সুন্দর হত। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পাখি বিশারদ শরীফ খান, এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উপদেষ্টা আজাহারুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ অ্যাস্ট্রনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন মিলন, এভারেস্ট একাডেমীর উপদেষ্টা এনায়েত হোসেন খান, ছড়াকার পাশা মোস্তফা কামাল, রবীন্দ্র সংগীত শিল্পী শহিদুল হক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসা ইব্রাহিম। এ, লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আলহাজ্ব নূরে আলম জিতু সরদার ও এভারেস্ট একাডেমীর মুখপাত্র মূসা ইব্রাহিম এক যৌথ বিবৃতিতে বলেন, ঢাকার চার দিকের চারটি নদী—বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও ধলেশ্বর নদী আজ মৃতপ্রায়। আর এর কারণগুলো সবই মানবসৃষ্ট।