প্রিন্স করিম আগা খান আজ আসছেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৯
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে শিয়া ইসমাইলি মুসলমানদের ৪৯তম ইমাম এবং আগা খান উন্নয়ন নেটওয়ার্কের (একেডিএন) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রিন্স করিম আগা খান (চতুর্থ) আজ সোমবার দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। সকালে তিনি একটি প্রাইভেট বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে তিনি ঢাকার জামাতখানা পরিদর্শন করবেন। একেডিএন-এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সংক্রান্ত একটি প্রটোকল রয়েছে। এবারের সফরে সহযোগিতার নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন দশকের বেশি সময় ধরে আগা খান উন্নয়ন নেটওয়ার্ক ঐতিহাসিকভাবে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিশু উন্নয়নে, প্রাথমিক শিক্ষা এবং আর্থিক ক্ষেত্রে কাজ করে আসছে। আগা খান ফাউন্ডেশন এবং এর অঙ্গ সংগঠনগুলো এ দেশে বিভিন্ন শহরে অবস্থিত বস্তি এবং দুর্যোগ প্রবণ এলাকায় ত্রিশ হাজারেরও বেশি শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে।