বার্ষিক প্রায় এক কোটি ৭০ লাখ ইউরোর নতুন চুক্তিতে আগামী পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অর্থাত্ এই পর্তুগীজ সুপারস্টারই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। আর পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে রোনালদো পেছনে ফেলেছেন বছরে এক কোটি ৬০ লাখ ইউরো বেতন পাওয়া বার্সেলোনা তারকা লিওনেল মেসিকেও। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে গতকাল রবিবার সন্ধ্যায় দুই পক্ষই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
মাত্র গত সপ্তাহেই জানিয়েছিলেন যার হাত দিয়ে খাবার নিচ্ছেন কখনোই তার হাত কামড়ে দিতে চান না। পেশাদারিত্বের এই যুগে রোনালদোর মুখে এমন কথা হয়তো কিছুটা বেমানানই লেগেছিল। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ব্লাঙ্কোসদের সঙ্গে নতুন চুক্তি করে শেষ পর্যন্ত সমর্থকদের আস্থার প্রতিদানই দিলেন রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুর ভিআইপি বক্সে পেরেজের সঙ্গে আলোচনা শেষে হাস্যোজ্জ্বল রোনালদো জানালেন তার সন্তোষ্টির কথা, ‘এই ঘরে (রিয়াল) থাকতে পারাটা আমার জন্য দারুণ একটা সুযোগ। আমি এখানে দারুণ সুখী। কোন সন্দেহ নেই দিনটি আমার জন্য বিশেষ কিছুই। আর বিরামহীন সমর্থন দেয়ার জন্য ভক্তদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। কারণ তাদের কারণেই আমার এখানে থাকা।’
পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়ার পরেও সে বিষয়ে কিছু বলতে চাইলেন না তিনি, ‘অর্থ কখনোই সব কিছু হতে পারে না। অর্থের গুরুত্বের কথা অস্বীকার করার উপায় নেই; তবে এটা কখনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। আমি সর্বোচ্চ পারিশ্রমিকধারী কিনা সেটি নিয়েও আমার মাথাব্যথা নেই। আমি শুধু বলতে চাই আমি সুখী।’
এ মৌসুমেই রাশিয়ার আনঝি মাখাচকালা থেকে ফ্রি ট্রান্সফারে চেলসিতে যোগ দেয়া স্যামুয়েল ইতোকে টপকে রোনালদোই তাই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার। বার্ষিক ১০ লাখ ইউরো কম বেতন নিয়ে মেসি সেই তালিকায় রয়েছেন দু্ই নম্বরে। তিন এবং চার নম্বরে আছেন যথাক্রমে নেইমার এবং র্যাদামেল ফ্যালকাও।
মূলত ২০১১-১২ মৌসুমের পরপরই চুক্তি বৃদ্ধি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছিল। রিয়াল ছেড়ে রোনালদো অনত্র পাড়ি জমাচ্ছেন, শোনা গিয়েছিল এমন কথাও।
সম্ভাব্য ঠিকানা হিসেবে শোনা যাচ্ছিল পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ফ্রান্সের বড় বাজেটের দল প্যারিস সেইন্ট-জার্মেইর কথাও। তবে সব গুজব উড়িয়ে দিয়ে পেরেজ বলেছিলেন, জিনেদিন জিদানের মতোই রিয়ালেই অবসর নেবেন রোনালদো। গতকাল আবারো সেকথারই পুনরাবৃত্তি করলেন পেরেজ, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আরো পাঁচ বছর রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে। সে এখন এবং সারা জীবনই একজন মাদ্রিয়ান হিসেবেই থাকবেন।’
