খুলনা ও বরিশাল উপ-অঞ্চল নিয়ে গঠিত গোলাপ অঞ্চল জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন সাঁতারের শিরোপা পুনরুদ্ধার করেছে। গতকাল রবিবার বাগেরহাটের শারীরিক শিক্ষা কলেজের সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় গোলাপ অঞ্চল ৬২ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখায়। রানার্স আপ হয়েছে রাজশাহী ও রংপুর উপ-অঞ্চল নিয়ে গঠিত চাপা অঞ্চল। তাদের অর্জন ৫৪ পয়েন্ট।
চট্টগ্রামে অনুষ্ঠিত গত আসরে গোলাপ অঞ্চলের চ্যাম্পিয়নশীপ হাতছাড়া হয়েছিল। সেবার শিরোপা জিতেছিল চাপা অঞ্চল। এবারের আসরে গোলাপ অঞ্চলের সাঁতারুরা পুলে একের পর এক পদক ছিনিয়ে নিয়ে দলকে এগিয়ে দেন। এছাড়া বালক বড় গ্রুপে বকুল অঞ্চলের কুমিল্লার আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র নাজমুল হাসান, পদ্ম অঞ্চলের কিশোরগঞ্জের নিকলি জিসি পাইলট স্কুলের ছাত্র সুজন মিয়া এবং বালক মধ্যম গ্রুপে পদ্ম অঞ্চলের নিকলি পাইলট স্কুলের ছাত্র মোঃ শরিফ মিয়া, গোলাপ অঞ্চলের কুষ্টিয়া সদরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ছাত্র সুরুজ ইসলাম যথাক্রমে ব্যক্তিগত চ্যাম্পিয়ন ও ব্যক্তিগত রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন ।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ শামসুল আরেফিন, জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সম্পাদক ফারহানা হক ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব টিএম জাকির হোসেন। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, রাশেদ মজুমদার ও মফিজ উদ্দীন মোল্লা।
