পৃথিবীর জঞ্জাল সরাতে চেয়েছিলেন

গোপালগঞ্জের কবি সুকান্ত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৬
চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ/ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল/এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি/নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। .............ছাড়পত্রে কবি সুকান্ত ভট্টাচার্য এমন প্রত্যয় ব্যক্ত করেছিলেন পৃথিবীকে বাসযোগ্য করে তোলার। বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি রক্ষায় গোপালগঞ্জে কবির পৈত্রিক ভিটায় লাইব্রেরি কাম অডিটরিয়াম নির্মাণ কাজ শেষ হয়েছে। সেটি এখন উদ্বোধনের অপেক্ষায়। বিস্মৃত প্রায় কবি সুকান্তের সংগ্রামী জীবন ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে তুলে ধরা হবে কবি জীবনের নানাদিক। জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের নিভৃত উনশিয়া গ্রামে এক সময় উচ্চ বর্ণের হিন্দুদের বসবাস ছিল। উপজেলা সদর থেকে পূর্ব দিকে ৩ কিলোমিটার ছায়াঘেরা আঁকাবাঁকা মেঠো পথ পেরোলেই উনশিয়া গ্রাম। সেখানেই ছিল কবির পিতৃপুরুষের বসবাস। সুকান্তের পিতা নিবারণ ভট্টাচার্য মাদারীপুরে সরকারি চাকরি করতেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের অনেক আগেই নিবারণ ভট্টাচার্য উনশিয়া গ্রামের পৈত্রিক ভিটা ও বিষয় সম্পত্তি ফেলে কলকাতা চলে যান। তখন সুকান্ত জন্মগ্রহণ করেননি। এই সুযোগে ভ্রমর আলী বিশ্বাস নামে এক ব্যক্তি ওই সম্পত্তি দখলে নেন। ভ্রমরের দুই ছেলে মোস্তফা বিশ্বাস ও কালাম বিশ্বাস ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। গোপালগঞ্জ জেলা প্রশাসন বিগত ২০০৬ সালে কবির উনশিয়া গ্রামের পৈত্রিক ভিটা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সম্পত্তিটি উদ্ধার করে। ওই বছরই কবির পৈত্রিক ভিটাটি সরকারের খাস খতিয়ানভূক্ত করা হয়। ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার মহিম হালদার স্ট্রিটে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সুকান্ত পিতৃপুরুষের কাছ থেকে উনশিয়া গ্রামে তাদের পৈত্রিক ভিটা সম্পর্কে জেনে ছিলেন। কবির মানসপটে উনশিয়া গ্রাম ছিল সদা জাগ্রত। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য্যের মৃত্যু হয়। মানবতাবাদি, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ, সাম্রাজ্যবাদ বিরোধী, আজীবন বিপ্লবী এ কবির মৃত্যুর পর তার ছাড়পত্র, অভিযান, ঘুম নেই, হরতাল, পূর্বাভাসসহ বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। বৃিটিশ বিরোধী অসহযোগ, সশস্ত্র ও স্বাধীনতা সংগ্রামে সুকান্ত রচনাবলী প্রেরণা যুগিয়েছে। শ্রমিক, সর্বহারা ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কবি আজীবন লড়েছেন। গোপালগঞ্জ জেলা পরিষদ সূত্রে জানা গেছে, উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটার দুই একর জমির মধ্যে এক একরের উপর ৪৯ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে কবি সুকান্ত ভট্টাচার্য্যের নামে লাইব্রেরি কাম অডিটরিয়াম নির্মিত হয়েছে। লাইব্রেরিতে এক সঙ্গে ১শ’ জন বসে বই পড়ার সুযোগ পাবে। অডিটরিয়াম হিসেবেও এটি ব্যবহার করা যাবে। বাড়ির শ্রী বৃদ্ধিতে ফুলের বাগান ও এ্যাপ্রোচ রোড রাখা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ বছরই প্রথম কবির বাড়ীতে সুকান্ত মেলা অনুষ্ঠিত হয়েছে। লেখক :কোটালীপাড়া সংবাদদাতা