দ্রুততম ও সর্বোচ্চ স্টোরেজের মেমোরি কার্ড স্যানডিস্কের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৩
সময়ের সাথে সাথে মাল্টিমিডিয়া ফাইলের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে উচ্চ রেজ্যুলেশন এবং গ্রাফিক্সের ফাইলের ব্যবহার। সে কারণেই আধুনিক সব ক্যামেরাতে মেমোরির পরিমাণও দিন দিন বেশি প্রয়োজন হয়ে পড়ছে। আবার ফাইলের সাইজ যত বড় হচ্ছে, ফাইলগুলোর স্থানান্তর করতে যাতে খুব বেশি সময় না লাগে, সে কারণে মেমোরি কার্ডে অনেক বেশি গতিও প্রয়োজন হয়ে পড়ছে। সময়ের এই চাহিদাকে পূরণ করতে গিয়ে এবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে স্যানডিস্ক। নতুন যে মেমোরি কার্ডের ঘোষণা দিয়েছে স্যানডিস্ক, তার ডেটা রিডের গতি প্রতি সেকেন্ডে ৪৫০ মেগাবাইট, আর ডেটা রাইটের গতি সেকেন্ডে ৩৫০ মেগাবাইট! এর বাইরে আরেক যে মেমোরি কার্ডের ঘোষণা দিয়েছে তারা, তার স্টোরেজ ২৫৬ গিগাবাইট! হ্যাঁ, এমনই গতি আর স্টোরেজের মেমোরি কার্ড এবার তৈরি করেছে স্যানডিস্ক। সেকেন্ডে ৪৫০ মেগাবাইট তথ্য স্থানান্তরের গতিসম্পন্ন স্যানডিস্ক কার্ডের নাম দেওয়া হয়েছে এক্সট্রিম প্রো সিফাস্ট ২.০। আর ২৫৬ গিগাবাইট স্টোরেজের কার্ডটির নাম এক্সট্রিম প্রো কমপ্যাক্ট ফ্ল্যাশ। উচ্চগতির সিফাস্ট ২.০ কার্ডে গতির বাইরেও বাড়তি কিছু ফিচার যোগ করেছে স্যানডিস্ক। পিনলেস ডিজাইনের এই কার্ডটি অনেক বেশি চাপ সহ্য করতে পারে বলে জানিয়েছে স্যানডিস্ক। আর প্রতিটি কার্ডের জন্যই রয়েছে আলাদা আলাদা সিরিয়াল নম্বর, যা ব্যবহার করে এর ব্যবহারকারী স্যানডিস্কের গ্রাহকসেবার সাথে নিবন্ধিত হতে পারবেন। এই কার্ড ব্যবহার করার মতো ক্যামেরা অবশ্য এখন রয়েছে মাত্র একটি। অন্যদিকে কমপ্যাক্ট ফ্ল্যাশ ২৫৬ গিগাবাইট মেমোরি কার্ডের মাধ্যমে ৪কে মানের ভিডিও ধারণ করতেও সমস্যা হবে না বলে জানাচ্ছে স্যানডিস্ক। মেমোরি কার্ডের গতি বা স্টোরেজ নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য নতুন এই দুইটি কার্ড সমাধান হয়েই এসেছে।