জাপানে আঘাত হেনেছে টাইফুন ম্যান-আই

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৫
টাইফুন ম্যান-আই সোমবার সকালে জাপানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এটি ফুকুশিমাতেও আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে সাড়ে তিনশ’ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং ট্রেন চলাচল কমিয়ে দেয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে ধেয়ে এসে সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় আইচি এলাকার তোয়েহাশিতে আঘাত হানে। সরকারি সমপ্রচার মাধ্যম এনএইচকে জানায়, শিগা এলাকায় ভূমিধসে ৭০ বছরের এক নারী নিখোঁজ এবং অন্যান্য এলাকায় প্রবল বাতাসে অন্তত ৬ জন আহত হয়েছে। ঝড়টি বর্তমানে প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পূর্ব দিকে বয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, দিনের শেষে এটি রাজধানী টোকিওসহ এর আশেপাশের এলাকার ওপর দিয়ে বয়ে যাবে। এদিকে আবহাওয়া দফতর কিওটোসহ এর আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।