সহশিল্পী’র সাহায্যার্থে রাজা’র উদ্যোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪২
ভাওয়াইয়া গানের প্রখ্যাত গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী নুরুল ইসলাম জাহিদের চিকিত্সা সহায়তায় জন্য আয়োজন করা হয়েছে একক ভাওয়াইয়া সন্ধ্যা ‘মোর কিসের জীবন’। অনুষ্ঠানে একক গান পরিবেশন করবেন নুরুল ইসলাম জাহিদেরই শিষ্য এই সময়ের ভাওয়াইয়া গানের জনপ্রিয় শিল্পী সফিউল আলম রাজা। আজ ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজনটি শুরু হবে। অনুষ্ঠানটির আয়োজন করেছে ‘ভাওয়াইয়া’ গানের দল। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সভাপতিত্ব করবেন ‘ভাওয়াইয়া’ গানের দলের উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। দীর্ঘদিন ধরে ঘাতকব্যাধি মটর নিউরন ডিজিজে (এমএনডি) ভুগছেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জাহিদ। এই শিল্পী সাড়ে তিন হাজারের অধিক গান লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীর শিল্পী, গীতিকার ও সুরকার। তার শিষ্য সফিউল আলম রাজা জানান, ‘তার উন্নত চিকিত্সার জন্য আমরা ব্যক্তি উদ্যোগে অর্থ জোগানোর চেষ্টা করছি। এ ছাড়া প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছি। এই গুণী শিল্পীর চিকিত্সার জন্য সরকারি সহযোগিতা আশা করছি।’