একুশে টেলিভিশনে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শেয়ার বাজার ডটকম’। শেয়ার বাজারের উপর ভিত্তি করে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে এই ধারাবাহিক নাটকটি। শেয়ার বাজারের অভিজ্ঞজনদের সহযোগিতা নিয়ে পুরোপুরি শেয়ার বাজার বিষয়টি তুলে ধরা হয়েছে নাটকটিতে। শেয়ার ব্যবসা করতে হলে ফান্ডামেন্টাল ও অ্যানালাইসিস করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার সাথে সাথে শেয়ার বাজারের সাথে জড়িত কিছু ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাসি, কান্না, সুখ, দুঃখ নিয়েই এ ধারাবাহিকটির গল্প। শেয়ার মার্কেট সম্পর্কে বিন্দু মাত্র ধারণা না নিয়ে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছে তাদেরই একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ‘শেয়ার বাজার ডটকম’ ধারাবাহিক নাটকে। মোস্তাফিজুর রহমানের রচনা এবং নয়ন মিল্টনের চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন অপূর্ব, হিল্লোল, জেনি, দীপা খন্দকার, হুমায়রা হিমু, শামীম, নয়ন বাবু, রাজু আহমেদ প্রমুখ। আজ থেকে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘শেয়ার বাজার ডটকম’ প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।
