ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৪
৮টি মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনকে সোমবার গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলন ৪টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বাকি ৪টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় গত ৩ বছরে একটি দিনের জন্যও তিনি অফিস করেননি। রেজাউল করিম খান মিলন ২০০৯ সালে চলচ্চিত্র অভিনেত্রী স্ত্রী ময়ূরীকে সঙ্গে নিয়ে বিএনপির ব্যানারে নির্বাচন করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিন মাস পর বিএনপি ছেড়ে সরকার দলীয় এমপি খন্দকার আসাদুজ্জামানের হাতে সোনার নৌকা উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। যোগ দেয়ার পর থেকে আওয়ামী লীগের পক্ষে মিছিল-মিটিংসহ দলীয় কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে ঢাকায় ৩টি, টাঙ্গাইলে ৪টি ও পাবনায় ১টি মামলাসহ ৮টি মামলায় বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে। সর্বশেষ তার বিরুদ্ধে গতবছরের ১৭ মে ভূঞাপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সংসার জীবনে তিনি ৩টি বিয়ে করেন। সর্বশেষ চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা ময়ূরীকে বিয়ে করেন।