১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে বগুড়ায় এক ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গত রবিবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) রাশেদা সুলতানা জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার নারায়ণ শহর গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র।
জানা যায়, শিবগঞ্জ থানার দোপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ফজিলা খাতুন (১০) তার মামার বাড়ি নারায়ণ শহর গ্রামে বেড়াতে যায়। ২০০১ সালের ৬ অক্টোবর আসামি নজরুল ওই শিশুকে ফুসলিয়ে একই গ্রামের আনিছারের শ্যালো মেশিন ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হলে ১৮ অক্টোবর পুলিশ নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তিতে আসামি নিজের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী তবিবুর রহমান তবি (পিপি) জানান, মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলামের এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেন বিজ্ঞ আদালত।
