জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়ার কাবাডি ছাত্র গ্রুপে গোলাপ অঞ্চলের নড়াইল জেলার ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং হ্যান্ডবল ছাত্রী গ্রুপে চাপা অঞ্চলের নওগাঁর বদলগাছি লাবণ্যপ্রভা পাইলট ও কমিউনিটি হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল সোমবার খুলনা আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইসলামিয়া মাদ্রাসা ৪৮-৩৮ পয়েন্টে পদ্ম অঞ্চলের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পলাশ আদর্শ স্কুলকে এবং লাবণ্যপ্রভা পাইলট স্কুল ১৩-৪ গোলে যশোরের প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে এ কৃতিত্ব দেখায়।
কাবাডির অপর খেলায় রাজশাহীর আমগাছি শাহারা বানু স্কুল ১০০-২০ পয়েন্টের ব্যবধানে বকুল অঞ্চলের চট্টগ্রামের শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটকে পরাজিত করে। হ্যান্ডবল ছাত্র গ্রুপে বকুল অঞ্চলের বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল ২১-১৭ গোলে পদ্ম অঞ্চলের ঢাকা বান্দুরা হলিক্রস স্কুলকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে। আজ মঙ্গলবার সকালে দলটি চাপা অঞ্চলের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির বিপক্ষে জয়ী হলেই শিরোপা জিতবে। সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় চাপা অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ স্কুল ২-০ গোলে পদ্ম অঞ্চলের গাজীপুরের কাপাসিয়া পাইলট স্কুলকে হারায়। আগের দিন দলটি ১-০ গোলে হারায় গোলাপ অঞ্চলের হবিগঞ্জের ডাক্তার ইলিয়াস আলী একাডেমীকে। অপর ম্যাচে গোলাপ অঞ্চলের বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালক স্কুল ১-০ গোলে হারায় ইলিয়াস আলী একাডেমীকে। একই মাঠে অনুষ্ঠিত ফুটবল ছাত্রী গ্রুপের খেলায় বকুল অঞ্চলের রাঙ্গামাটির ঘাগড়া স্কুল ৬-০ গোলে গোলাপ অঞ্চলের খুলনার ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। খুলনা জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল বালিকা গ্রুপের খেলায় পদ্ম অঞ্চলের নেত্রকোনার আদর্শ বালিকা বিদ্যালয় ৪-২ গোলে বকুল অঞ্চলের খাগড়াছড়ির সিঙ্গিনালা স্কুলের বিরুদ্ধে জয়ী হয়।
ফুটবল ছাত্রী গ্রুপে পদ্ম অঞ্চলের টাঙ্গাইলের সুতী ভি পাইলট স্কুল ১-০ গোলে চাপা অঞ্চলের ঠাকুরগাঁওয়ের রামদেবপুর আদর্শ স্কুলকে পরাজিত করে। আগের দিন তারা ৫-০ গোলে পরাস্ত করে ঘাগড়া স্কুলকে। দু্ই জয়ের সুবাদে দলটি এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। আজ মঙ্গলবার হবে খেলাগুলো।
