পার্সোনাল কম্পিউটারে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম রাজত্ব করে যাচ্ছে প্রশ্নাতীতভাবে। তবে এর বাইরে ডাটা সেন্টার, সুপার কম্পিউটার কিংবা সার্ভারের ক্ষেত্রে উইন্ডোজের অতটা দাপট নেই, যতটা রয়েছে ওপেন সোর্স লিনাক্সের। এই লিনাক্সকেই আরও ছড়িয়ে দিতে এবারে লিনাক্সের উন্নয়নে আরও ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট আইবিএম। মূলত পাওয়ার সিস্টেম সার্ভারের জন্য এই বিনিয়োগ করছে আইবিএম। এক যুগেরও বেশি সময় আগে, ২০০০ সালে, যখন লিনাক্স ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হিসেবে গড়ে উঠছিল এবং নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল; তখনও এতে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছিল আইবিএম। তাতে করে লিনাক্সের পথচলা অনেক সহজ হয়ে যায়। এবারেও এই অর্থ লিনাক্সের জন্য আশির্বাদ হয়েই আসবে বলে মন্তব্য করেছেন লিনাক্স-সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে লিনাক্স ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর জিম জেমলিন বলেন, ‘এর আগে আইবিএম যখন ১০০ কোটি ডলারের বিনিয়োগ করে, সেটা আমাদের অভূতপূর্ব উদ্ভাবনের দিকে নিয়ে যায় এবং তার গতি এখনও থামেনি। এবারে এই পাওয়ার প্ল্যাটফর্মের জন্য নতুন এই বিনিয়োগ নতুন কোন কোন উদ্ভাবনকে সামনে নিয়ে আসবে, তা দেখার জন্য আমরা মুখিয়ে রয়েছি। উন্মুক্ত এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেভেলপার এবং কোম্পানি সম্মিলিতভাবে কাজ করে ভালো কিছুই উপহার দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’ আইবিএম অবশ্য গত বছরেই লিনাক্সকে নিয়ে কাজ করার ইশারা দিয়ে রেখেছিল। গত বছরের মে মাসে তারা কেবল লিনাক্সনির্ভর পাওয়ার সিস্টেম, পাওয়ার সেভেন র্যাক এবং ব্লেড সার্ভার অবমুক্ত করে। এ বছরেও আরও শক্তিশালী লিনাক্স পাওয়ার সিস্টেমও তৈরি করে তারা। আরও বেশি তথ্য এবং ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধার কারণেই লিনাক্স ডাটাসেন্টারগুলোর প্রথম পছন্দ হবে বলে মনে করছে আইবিএম। দেখা যাক, আইবিএম-এর এবারের বিনিয়োগে কী উদ্ভাবন উপহার দিতে পারে লিনাক্স।
