হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টেলিকমিউনিকেশন নিয়ে কথা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৩
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর এ খ ইউনিটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল কম্পিউটার সায়েন্স অনুষদভুক্ত টেলিকমিউনিকেশন এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। টেলিকমিউনিকেশন শিক্ষার প্রসারে বর্তমানে যেসব সরকারি বিশ্ববিদ্যালয় নিয়োজিত রয়েছে তাদের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) অগ্রগণ্য। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি উত্কর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশের উত্তর জনপদ দিনাজপুরের প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রায় ৪ হাজার ছাত্র-ছাত্রী এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করার সুযোগ পায়। বর্তমানে যে কোর্সসমূহে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হচ্ছে তার মধ্যে চার বছর মেয়াদী বিএসসি ইন টেলিকমিউনিকেশন এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অন্যতম যা আটটি সেমিস্টারে বিভক্ত। এই বিভাগটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর অর্থাত্ ২০০৪ সনে চালু করা হয়। প্রত্যেক বছর টেলিকমিউনিকেশন এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং- এ অনেক যাচাই-বাছাই করে ৭০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে ভর্তির জন্য নির্বাচন করা হয়। ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ টেলিকমিউনিকেশন। বর্তমানে দেশের প্রথম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের ওপর পড়াশোনা ও উচ্চতর ডিগ্রী লাভের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন বলেন, ‘বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষে টেলিকমিউনিকেশন এর কোনো বিকল্প নেই। এখানকার টেলিকমিউনিকেশন সাবজেক্টকে আমরা যুগোপযোগী করার জন্য পদক্ষেপ নিয়েছি। যাতে শুধু পুঁথিগত শিক্ষার মাধ্যমে পাঠদান সীমাবদ্ধ না থাকে।