গেল কয়েক বছর আগে জাতিসংঘের বাংলাদেশ শাখার শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছেন এ দেশের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। এবার সেই ধারাবাহিকতায় জাতিসংঘের বাংলাদেশি শাখার শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এই উপলক্ষে গতকাল হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিসেফ। শিশু, নারী, মানবতা ও সর্বোপরি বিশ্ববাসীর কল্যাণে জাতিসংঘের কাজে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে ইচ্ছুক খ্যাতিমান তারকাদের মধ্য থেকে এবার যোগ হলেন এই চিত্রনায়িকা। সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, ‘অসহায়দের জন্য আমার বাবা যথাসাধ্য করেছেন। সেই শিক্ষা তিনি আমাদেরও দিয়েছেন। এতদিন যতটুকু সামর্থ্য ছিল করেছি। এবার আনুষ্ঠানিকভাবে পুরো দেশের অসহায়দের জন্য বড় আকারে যেন কিছু করতে পারি তাই আমিও যোগ দিয়েছি। এটাও আমার বাবার স্বপ্নের একটি অংশ। আমার বর্তমান অবস্থান থেকে এটি দায়িত্বের মধ্যেও পড়ে।’
