২০০৮ সালে শুরু হওয়া অর্থনৈতিক সংকট যুক্তরাষ্ট্র যেভাবে মোকাবিলা করেছিল তার পক্ষে বললেন প্রেসিডেন্ট বারাক ওবামা। লেহমান ব্রাদার্সের পঞ্চম পতন দিবসের পর্যালোচনা অনুষ্ঠানে ওবামার পাশে ছিলেন এমন কিছু ব্যবসায়ী যারা সেসময় সরকারের গৃহিত পদক্ষেপের কারণে উপকৃত হয়েছিলেন। ওবামা বলেন, যদিও অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে তবে যেখানে থাকার কথা সেখানে এখনও পৌঁছায়নি।
ওবামা বলেন, অর্থনৈতিক সংকটের আবর্জনা অনেকটাই সরানো হয়েছে এবং আমরা অর্থনীতির নতুন ভিত্তি স্থাপন করেছি। আমেরিকানদের চিন্তা করতে হবে ৫ বছর আগে তারা কোথায় ছিল এখন তারা কোথায় আছে। অর্থনীতিকে শক্তিশালী করার জন্য করণীয় সম্পর্কেও সজাগ থাকতে হবে আমেরিকানদের।
ওবামা বলেন, আমাদের আরো দ্রুত আগানো দরকার, আরো বেশি বেতনের চাকরি দরকার, দরিদ্রদের জন্য আরো সুযোগ সৃষ্টি করা দরকার।
পাঁচ বছর আগে লেহমান ব্রাদার্স ইনভেস্টমেন্ট ব্যাংকের পতনের মধ্য দিয়ে বিশ্বমন্দা দেখা দেয়। মার্কিন সরকার অর্থনীতিকে সচল রাখতে হাজার হাজার কোটি ডলার ধার দেয় ব্যাংকগুলোকে। ওবামা ব্যাংক, আবাসন ব্যাবসা ও গাড়ি শিল্পে উন্নতির কথা উল্লেখ করেন। তিনি এও বলেন যে, মধ্যবিত্ত পরিবারগুলো অর্থনৈতিক পরিকল্পনার কারণে খুব বেশি লাভবান হতে পারেনি। বেশি উপকৃত হয়েছে অধিক উপার্জনকারীরা।
সোমবার হোয়াইট হাউসের অর্থনীতি বিষয়ক টিমের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ওবামা এই বক্তব্য দিলেন। রিপোর্টে বলা হয়েছে, ওবামা প্রশাসনের সঠিক নীতির কারণে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হয়েছে।
