মিস মুসলিম ওয়ার্ল্ড
মিস মুসলিম ওয়ার্ল্ড হলো মুসলিম পরিবারের সুন্দরীদের নিয়ে নতুন ধরনের এক প্রতিযোগিতা। ইন্দোনেশিয়ার এ আয়োজন তৃতীয় বছরে পা রেখেছে। এবার আর শুধু ইন্দোনেশিয়ার প্রতিযোগিদের নিয়ে নয়, এতে বিদেশিনীরাও থাকছেন। আজ বুধবার জাকার্তায় অনুষ্ঠেয় গ্র্যান্ড ফাইনাল শেষে বিজয়িনীর নাম ঘোষণা করা হবে। এবারের ‘ওয়ার্ল্ড মুসলিমা’ পুরস্কার হিসেবে পাবেন ২ কোটি ৫০ লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া, অর্থাত্ ২ হাজার ২শ’ ডলার। এর বাইরে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সৌদি আরবে হজ্ব করা এবং তুরস্ক ও ভারতে আনন্দভ্রমণের সুযোগ।—এএফপি
রাজকীয় ট্রেন সার্ভিস
ভারতে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য আছে বিলাসী একটি ট্রেন সার্ভিস। ‘প্যালেস অন হুইলস’ নামের এই ট্রেনটি সত্যিই যেন রেলগাড়িতে রাজপ্রাসাদ। বেশ কিছুদিন ধরে হঠাত্ই এই ট্রেনটি ধারণার চাইতে বেশি পর্যটকদের আকর্ষণ করছে। ঠিক করে বললে, যে সময়টিতে ডলারের বিপরীতে রুপীর মান পড়ে যেতে শুরু করেছে সেই সময় থেকে। পর্যটকেরা অবশ্য বলছেন, তারা ডলারে মূল্য পরিশোধ করছেন বলে মনে করার কোনো কারণ নেই যে তাদের কম অর্থ খরচ হচ্ছে।—বিবিসি
ড্রোনের সংস্করণ ক্ষুদ্র রোবট
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রিকনরোবটিকস মানুষবিহীন বিমান বা ড্রোনের পরবর্তী প্রজন্ম নির্মাণের পরিকল্পনা করছে। সামরিক কাজে বর্তমান ড্রোনের চেয়ে বেশি কার্যকর হবে এটি। নতুন সংস্করণের এ ড্রোনটি হবে ক্ষুদ্র রোবট। এটি দিয়েও আফগানিস্তান ও ইয়েমেনের মতো দেশের আকাশ পরিদর্শন করা সম্ভব হবে। ক্ষুদ্র এ যন্ত্রটি পুলিশ বা চলচ্চিত্র নির্মাতারাও ব্যবহার করতে পারবে। যুক্তরাষ্ট্রের অন্যান্য ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চাইছে পরবর্তী সংস্করণের ড্রোন আরও শক্তিশালী এবং ক্ষমতাসম্পন্ন হোক।—রয়টার্স
