সময়টা থ্রিডি প্রযুক্তির। থ্রিডি প্রযুক্তি এখন যুক্ত হচ্ছে সব জায়গাতেই। বিশেষ করে থ্রিডি ভিডিও’র দিকেই এখন বিশ্বব্যাপী মানুষের নজর। তাই থ্রিডি ভিডিও দেখার জন্য নানা ধরনের ডিভাইসেরও প্রয়োজন হয়ে পড়ছে। ভিডিও দেখার জন্য জাপানের জায়ান্ট সনি এর আগেও নিয়ে এসেছে হেডব্যান্ড ভিডিও ভিউয়ার। এবারে এর নতুন একটি সংস্করণ অবমুক্ত করেছে তারা, যার বড় একটি বিশেষত্ব হচ্ছে এটি থ্রিডি ভিডিও প্রদর্শনে সক্ষম। সনি এইচএমজেড-টি৩ মডেলের এই নতুন থ্রিডি ভিডিও ভিউয়ারটি সম্পূর্ণ তারহীন অবস্থায় ব্যবহার করা যাবে। এতে ব্যবহার করা হয়েছে ১,২৮০ বাই ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ওএলইডি ডিসপ্লে, যা আপনাকে সিনেমা হলের মতো বড় পর্দায় ভিডিও দেখার অনুভূতি প্রদান করতে সক্ষম। একটিমাত্র সাইজে এটি তৈরি করা হলেও এতে ব্যবহার করা হয়েছে কুশন, যা ব্যবহারকারীকে প্রয়োজনীয় আরাম দিতে পারে। এর লেন্সগুলোকেও অ্যাডজাস্ট করা যায় সুবিধামতো। এতে প্রদর্শিত ইমেজের আকারকে ৭০ ভাগ পর্যন্ত ছোট করা যায়। আবার গেমারদের জন্য রয়েছে চারটি মোডে একে কনফিগার করার সুবিধা যাতে করে তারা গেম খেলার সময় কম উজ্জ্বল অংশগুলোকেও স্পষ্ট দেখতে পায়। ওয়্যারলেস প্রসেসর ইউনিটের সাহায্যে এইচডিএমআই পোর্ট ব্যবহার করে সব ধরনের ডিভাইসের সাথেই ব্যবহার করা যাবে একে।
