ডিসি নজরুলের দুই সহযোগীকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের সাবেক উপ-কমিশনার (ডিসি) মোল্লা নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের পর এবার তার দুই সহযোগী পরিদর্শক (ইন্সপেক্টর) আজহার উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হাসনাতকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মো. নাসিম আনোয়ার তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এর আগে এ ঘটনা তদন্তে ডিসি নজরুলের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী এমপি কবিরুল হক এবং ব্যবসায়ী সৈয়দ আবিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। দুদক সূত্র জানায়, গত ৬ এপ্রিল রাতে গুলশানের বাসা থেকে ব্যবসায়ী সৈয়দ আবিদুল ইসলামকে বিনা কারণে ধরে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ছেড়ে দেয়ার শর্ত হিসেবে আবিদুল ইসলামের কাছে ১ কোটি ৫ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসনাত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শান্তিনগর শাখা থেকে ঘুষের ওই টাকা উত্তোলন করেন। এরপর ৭ এপ্রিল ১ কোটি টাকা ঘুষ নিয়ে ব্যবসায়ী আবিদুলকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সরকার দলীয় এমপি কবিরুল হক অভিযোগ করলে তা আমলে আসে।