সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘উচ্চশিক্ষার টেকসই উন্নয়নের জন্য শিক্ষাব্যবস্থা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, উচ্চশিক্ষার টেকসই উন্নয়নে গৃহীত শিক্ষাব্যবস্থা সর্বদা প্রতিটি মানুষের জ্ঞান অর্জন, দক্ষতা, মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং একটি উন্নত ভবিষ্যত্ গঠনে প্রয়োজনীয় ভূমিকা রাখে এবং এটি একটি দেশের তথা সমগ্র মানবগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। ডিআইইউ’র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সিডা-ইএসডি’র সাথে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডা-ইএসডি’র আন্তজার্তিক বিশেষজ্ঞ ও ইস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির পরিবেশ শিক্ষাকেন্দ্রের অধ্যাপক ঝাং কি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ’র প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম। সেমিনারের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম মিজানুর রহমান।
