গত বছর সম্প্রচারে আসার কিছুদিন পরই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) সরাসরি সম্প্রচার করে গাজী টেলিভিশন লিমিটেড (জিটিভি)। এসএলপিএল সিরিজের পর এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড হোম সিরিজের সবগুলো খেলাও সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন। আগামী অক্টোবর থেকে দেশের বিভিন্ন স্টেডিয়ামে শুরু হচ্ছে এই হোম সিরিজ। দুই টেস্ট, তিন ওডিআই আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকা পৌঁছেই কিউইরা চলে যাবে চট্টগ্রাম। সেখানে তারা প্রথম টেস্ট ম্যাচ খেলবে। আসন্ন এই সিরিজে মোট চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট চট্টগ্রামে, দ্বিতীয় টেস্ট ঢাকায়। পর পর দুই ওডিআই মিরপুরে, তৃতীয় ওডিআই ফতুল্লায় আর একমাত্র টি টোয়েন্টি সিলেটে।
