জমে উঠেছে

রেডিও চকলেট রিলোডেড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৭
জীবনের জটিল অংক সহজ ও মজার করে উপস্থাপনার গল্প নিয়ে নির্মিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘রেডিও চকলেট রিলোডেড’ বর্তমানে প্রচার হচ্ছে দেশ টিভিতে। ইকবাল হোসেন চৌধুরীর রচনা এবং রেদোয়ান রনির পরিচালনায় এই নাটকটি ইতোমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সুমাইয়া শিমু, মৌসুমী হামিদ, সাজু খাদেম, বাপ্পি আশরাফ, রওনক হাসান, রাশেদ মামুন অপু, সুমন পাটোয়ারি, ফারুক আহমেদ প্রমুখ। জীবনের জটিল অংক সহজ ও মজার উপস্থাপনই ‘রেডিও চকলেট রিলোডেড’-এর মূল ভাবনা। নাটকের গল্পে দেখা যায় মাহিন-মামুন দুইভাই ‘রেডিও চকলেট’-এর দুই কর্ণধার। সাথে আছে নতুন প্রজন্মের একঝাঁক তরুণ যারা এই এফএম রেডিও স্টেশনের মূল চালিকা শক্তি। তাদের মূল লক্ষ্যই ভুল-শুধরে দেওয়ার, বদলে দেওয়ার, নতুন চেতনা প্রতিষ্ঠার। তারা প্রতিদিন নবোদ্যমে শুরু করে নতুন নতুন, মজার, ব্যাঙ্গাত্মক অথবা হূদয়স্পর্ষী সব নতুন ভাবনার অনুষ্ঠান যেখানে মজার ভঙ্গিতে উঠে আসে দেশের সত্যিকারের বাস্তবতা, আগামী দিনের আগমনী বার্তা। বর্তমানে নাটকটি দর্শকদের মন ছুঁয়েছে। নাটক প্রসঙ্গে পরিচালক রেদোয়ান রনি বলেন, ‘আমরা ‘রেডিও চকলেট’ দেখে কখনও হাসতে হাসতে লুটিয়ে পড়ি, কখনোবা দুঃখ পেয়ে কাঁদি। তবে একথা হলফ করে বলা যায় ‘রেডিও চকলেট’-এর প্রতিটি পর্বে প্রতিটি চরিত্রের, প্রতিটি ঘটনার মজার মজার উপস্থাপন আমাদের প্রতিদিনের একঘেয়েমির জীবনযাত্রায় একটু প্রশান্তি এনে দেবে, সাথে যোগ করবে নিত্যনতুন ভাবনার।’ ধারাবাহিক নাটক ‘রেডিও চকলেট রিলোডেড’ প্রচার হয় সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে।