মিয়ানমারের সংবিধান পরিবর্তনের আহ্বান সু চির

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৫
গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে দেশকে এগিয়ে নিতে সম্ভাব্য দ্রুতগতিতে মিয়ানমারের সংবিধান পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। —রয়টার্স মিয়ানমারের বর্তমান সংবিধানকে গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেছেন তিনি। ইউরোপ সফররত সু চি মঙ্গলবার চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ২০১২ সালে মিয়ানমারের পার্লামেন্টের উপনির্বাচনে সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় ধরনের বিজয় পায়। সু চি নিজেও একটি আসনে বিজয়ী হন। কিন্তু বর্তমান সংবিধানের আওতায় সু চি আগামী ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি সংবিধানে পরিবর্তন আনার জন্যও চাপ সৃষ্টি করছেন ৬৮ বছর বয়সী এ নেতা। মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিককে বিয়ে করা কেউ কিংবা কারো সন্তান অন্য দেশের নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সু চি’র প্রয়াত স্বামী মিশেল অ্যারিস ছিলেন ব্রিটিশ নাগরিক, এই দম্পতির দুটি সন্তানও ব্রিটিশ নাগরিক।