অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন টনি অ্যাবোট

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৬
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টনি অ্যাবোট। এর মাধ্যমে দেশটিতে লিবারেল-ন্যাশনাল জোট সরকার গঠিত হলো। ২৮তম প্রধানমন্ত্রী হিসেবে অ্যাবোটের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় লেবার পার্টির ছয় বছরের শাসনেরও অবসান ঘটলো। গত ৭ সেপ্টেম্বরের নির্বাচনে টনি অ্যাবোটের কনজারভেটিভ পার্টি নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। গতকাল বুধবার সকালে দেশটির গর্ভমেন্ট হাউজ অব ক্যানবেরাতে শপথ নেন টনি অ্যাবোট। এ সময় উপস্থিত ছিলেন গভর্নর জেনারেল কুয়েন্টিন ব্রাইস। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর অ্যাবোট জানান যে, সরকার খুব দ্রুতই কাজের সাথে সম্পৃক্ত হবে। তিনি বলেন, ‘আজ শুধু অনুষ্ঠানের দিন নয়, এটা কাজের দিন। অস্ট্রেলিয়ার মানুষ আমাদের কাজের মধ্যে দেখতে চায় এবং আমরা ঠিক এটাই করব।’ এদিকে, নতুন মন্ত্রীদেরও বুধবার শপথ নেয়ার মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণের কথা রয়েছে। ৫৫ বছর বয়সী অ্যাবোট আসন্ন মন্ত্রিসভাকে ‘সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন’ বলে উল্লেখ করেছেন। তবে ১৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় মাত্র একজন নারী থাকার কারণে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাওয়া জুলি বিশপ হচ্ছেন মন্ত্রিসভায় একমাত্র নারী সদস্য।