চীনে ১৫ দিন ধরে আটকা থাকার পর পরিত্যক্ত একটি কূপ থেকে একজন নারীকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের এক কূপের তলদেশ থেকে সু কিজিকে (৩৮) নামের ঐ নারীকে উদ্ধার করা হয়। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়।
এসময় তিনি সেখানে ভুট্টার শীষ খেয়ে এবং বৃষ্টির পানি পান করে জীবন রক্ষা করেন। উদ্ধার কাজে অংশ নেয়া এক দমকল কর্মীর বরাত দিয়ে দাহে ডেইলি জানায়, সেখানে ১৫ দিন আটকা থাকায় সু একবারে শুকিয়ে গেছে। ঐদিক দিয়ে যাওয়ার সময় তিনি ওই কূপে পড়ে যান। সংবাদপত্র জানায়, গ্রামবাসীরা ভুট্টা কাটার সময় তার চিত্কার শুনে দমকল বাহিনীকে খবর দেয়। ভুট্টা ক্ষেতের আড়ালে থাকা কূপটি মাত্র এক মিটার চওড়া ও চার মিটার গভীর হলেও এর দেয়াল পিচ্ছিল ও খাড়া হওয়ায় সেখান থেকে এককভাবে উঠে আসা অনেক কঠিন ছিল।
