প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সরকারি কর্মকমিশন (পিএসসি) একুশ শতকের উপযোগী যোগ্য ও মেধাবী লোকবল বাছাই করবে।
তিনি বলেন, অধিকতর দক্ষ, সত্ ও মেধাবী লোকবল বাছাইয়ের দায়িত্ব সরকারি কর্মকমিশনের। তিনি আশা প্রকাশ করেন, কর্মকমিশন সব ধরনের প্রভাবমুক্ত থেকে উপযুক্ত লোকবল বাছাইয়ের কার্যক্রম অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের নবনির্মিত ভবন উদ্বোধনকালে একথা বলেন।
পিএসসি’র চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও পিএসসি’র সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে গঠন করতে প্রয়োজন জনবান্ধব প্রশাসন। তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা হচ্ছে জনগণের সেবক।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার পিএসসি’র মাধ্যমে সত্ ও মেধাবী লোকবল নিয়োগ দ্বারা একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলায় ব্যাপক সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে জনপ্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ই-গভর্ন্যান্স চালু করা হয়েছে। তিনি বলেন, অতীতে প্রশ্নপত্র ফাঁস ও দলীয় লোকজন নিয়োগ দানসহ বিভিন্ন কেলেঙ্কারির কারণে পিএসসি’র মর্যাদা ক্ষুণ্ন হয়েছিল। তিনি বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে বহু যোগ্য প্রার্থী তাদের প্রত্যাশিত সরকারি চাকরি লাভ থেকে বঞ্চিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকার হাওয়া ভবন প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি কর্মকর্তা নিয়োগে এক কলঙ্কজনক অধ্যায় সূচনা করেছিল। তিনি বলেন, চারদলীয় জোট সরকারের শাসন আমলের তিক্ত অভিজ্ঞতা পিএসসি’র রয়েছে। ওই সময় পিএসসি’র বিরুদ্ধে বার বার প্রশ্নপত্র ফাঁস এবং হাওয়া ভবন থেকে পাঠানো তালিকা অনুযায়ী লোকবল বাছাইয়ের অভিযোগ ছিল।
শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো পিএসসি’কেও শক্তিশালী করা হয়েছে এবং সরকার কমিশনকে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করার অধিকার দিয়েছে।
তিনি বলেন, অতীতের মতো এখন কোন অনিয়ম বা কেলেঙ্কারি পিএসসি’তে নেই এবং কমিশন নিরপেক্ষ, স্বচ্ছ ও সকল প্রকার প্রভাবমুক্ত থেকে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ এবং সাংবিধানিক দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭২ সালে সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠার প্রায় ৪০ বছর পর পিএসসি আগারগাঁওয়ে এর নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়েছে। শেখ হাসিনা ফলক উন্মোচন করে নবনির্মিত পিএসসি ভবন উদ্বোধন করেন। এর আগে শেখ হাসিনা আগারগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি কাউন্সিলিং ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
