‘ভোজ্যতেলের বাজার স্থিতিশীল পিঁয়াজের দাম কমেছে’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
বাণিজ্য মন্ত্রী জিএম কাদের বলেছেন, দেশে ফরমালিন নিয়ন্ত্রণ আইন’ ২০১৩ প্রণয়ন করা হবে। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় চার হাজার দুইশ’ মিলিয়ন ডলার। অপরদিকে পিঁয়াজের দাম বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ের অদক্ষতা দায়ি নয়। বর্তমানে পিঁয়াজের দাম কমেছে। অপরদিকে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রয়েছে। গতকাল বুধবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে মন্ত্রী প্রশ্নোত্তর পর্বে সংসদকে এসব তথ্য জানান। এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে তিনি জানান, ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন’ ২০১৩’ প্রণয়নের কার্যক্রম চলছে। নুরুল ইসলাম বিএসসি লিখিত প্রশ্নে বর্তমান সময়ে বাজারে পিঁয়াজের দাম বৃদ্ধির পিছনে বাণিজ্য মন্ত্রণালয়ের অদক্ষতাকে দায়ি করে মন্ত্রীর নিকট জবাব চান। জবাবে মন্ত্রী জানান, পিঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। উল্টো মন্ত্রণালয়ের দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে ইতিমধ্যে বাজারে পিঁয়াজের দাম অনেকটা কমেছে। অপরদিকে আন্তর্জাতিক বাজারে আদার দাম আট মাস আগে থেকে ক্রমান্বয়ে বেড়ে এক মাস পূর্বে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। ফলে দেশিয় বাজারেও আদার দাম বেড়ে যায়। আদা চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা হয়। বাজারে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রসঙ্গে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে তিনি জানান, সয়াবিন ও পামওয়েলের দাম ৭/৮ মাস পূর্ব থেকে ক্রমান্বয়ে কমে গত ২/৩ মাস ধরে সর্বনিম্ন পর্যায়ে স্থিতিশীল রয়েছে। মো. শহীদুজ্জামান সরকার জানতে চান বিশ্বে বাংলাদেশ ছিলো এক সময় চা রফতানিতে পঞ্চম স্থানে। এখন চা আমদানিকারক দেশ হিসাবে নাম লিখিয়েছে বাংলাদেশ। এ অবস্থা থেকে কি উত্তরণ হবে? জবাবে মন্ত্রী জানান, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রফতানি ধরে রাখার জন্য বাংলাদেশ চা বোর্ড ৯৬ হাজার ৭৩৫ দশমিক ৭০ লাখ টাকা ব্যয়ে ১২ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে। রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে তিনি জানান, গত অর্থ বছরে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিলো চার হাজার ১৮০ দশমিক ৪৪ মিলিয়ন ডলার। প্রবাসে শ্রমিক নির্যাতন সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, গত বছর শ্রমিক নির্যাতনের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ ক্ষতিপূরণ হিসাবে এক কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়েছে। আর এ টাকা ক্ষতিপূরণ হিসাবে অভিযোগকারীদের মধ্যে বিতরণ করা হয়। অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালীর প্রশ্নের জবাবে তিনি জানান, বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের নারী কর্মী গার্মেন্টসসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। চাল ও গম আমদানি মো. আবুল খায়ের ভুঁইয়ার প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী ডা. মো. আবদুর রাজ্জাক জানান, চলতি অর্থ বছরে সাড়ে আট লাখ টন গম ও আড়াই লাখ টন চাল আমদানির সংস্থান রাখা হয়েছে। মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে খাদ্যশস্য মজুদের পরিমাণ ১১ লাখ ২২ হাজার ৪৯৩ মেট্রিক টন। এরমধ্যে আট লাখ ৫৮ হাজার ২৫০ টন চাল, দুই লাখ ৫৭ হাজার ৩৯৪ হাজার টন গম এবং ছয় হাজার ৮৪৯ টন ধান। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত বিদেশ থেকে চাল আমদানির কোন পরিকল্পনা সরকারের নেই।