আমাদের সমাজে শিশুরা বৈষম্যের শিকার : তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রতি শিশুদের জন্য মূল্যবোধের চেতনা থেকে কাজ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের আর্থ-সামাজিক অবস্থায় শিশুরা নানাভাবে বৈষম্যের শিকার হয়। তারা নানারকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কবলে পড়ে। সাম্প্রদায়িকতা তাদের অধিকার হরণ করে। এই অবস্থা পরিবর্তনে গণমাধ্যম কর্মীরা বিশেষ অবদান রাখতে পারে। এজন্য তাদের প্রশিক্ষণের মধ্যদিয়ে পেশাদারিত্ব অর্জন করতে হবে। গতকাল বুধবার দৈনিক ‘প্রথম আলো’ কার্যালয়ে শিশু সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি একথা বলেন। ‘প্রথম আলো’ ও বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, কর্মশালায় অংশগ্রহণ-কারীরা আগামী একবছর শিশুদের নিয়ে যে প্রতিবেদন তৈরি করবেন তা যাচাই-বাছাই করে পুরস্কার দেয়া হবে। ওয়ার্ল্ড ভিশনের অ্যাডেভাকেসি ডিরেক্টর চন্দন জেড গোমেজ বলেন, আমাদের মত দরিদ্র দেশে নানাভাবে নির্যাতনের শিকার শিশুদের অবস্থা পরিবর্তনে আমরা গণমাধ্যমের সচেতনতা বৃদ্ধির মধ্যদিয়ে ভূমিকা রাখতে চাই। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।