দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন মারা গেছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জামতলা এলাকায় অটোরিকশার নিচে চাপা পড়ে গত মঙ্গলবার রাতে রামিন (৬) জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। সে মথুরাপাড়া গ্রামের আলী হোসেনের পুত্র। দাদুর সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
শেরপুর
শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান এলাকায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হূদয় হোসেন (২৫) জামালপুর জেলা সদরের লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে শেরপুর থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৫ জন ট্রলিযাত্রী গুরুতর আহত হয়।
চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারী-ফকিরহাট সড়কের শ্রীরামপুর এলাকায় গতকাল বুধবার সকালে মোটর সাইকেলের ধাক্কায় গৌরী মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সে শ্রীরামপুর গ্রামের মৃত জোতিষ মণ্ডলের স্ত্রী। সে বাড়ির সামনে রাস্তায় দাড়িয়ে ছিলেন। ফকিরহাটগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে ফকিরহাট স্বাস্থ্যকেন্দ্রে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নাঙ্গলকোট (কুমিল্লা)
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৭২১নং আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট স্টেশন অতিক্রমের সময় ডিশ লাইনের থারে ধাক্কা লেগে ট্রেনের চাদ থেকে পড়ে মানিক মিয়া (২০) নামে একজনের মৃত্যু হয়। সে বুড়িচং উপজেলার বিন্দিয়ারচর গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে। সে চট্টগ্রামের ফিসারীঘাটের একটি মত্স্য আড়তে কাজ করতো। লাকসাম রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের একটি ছিন্ন-বিচ্ছিন্ন লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার এক স্কুলছাত্র নিহত এবং তিনজন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাসিরউদ্দিন রুবেল (১৬) এবং আহতরা: ফারজানা আক্তার (১৫), মোশাররফ হোসেন (২৭), আবুল হাশেম (৫৪), এমরানউদ্দিন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে একজন নিহত এবং ৪ জন আহত হয়। নিহত নাসিরউদ্দিন দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সফিকুল ইসলামের পুত্র। সে মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।
