প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন নিশ্চিত করতে বিদ্যুত্ উত্পাদনের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ২ অক্টোবর এক হাজার মেগওয়াট ক্ষমতাসম্পন্ন পরমাণু প্রযুক্তির দু’টি ইউনিট সম্বলিত রূপপুর বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হবে। জনগণ সারাদেশে আমাদের উন্নয়ন কাজ দেখতে পায়। বিরোধী দলীয় নেতা চোখে সবকিছুই দেখেন। শুধু আমাদের সরকারের কোন উন্নয়নই চোখে দেখেন না। এই না দেখাটা আর কিছু না হোক জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি তাকে চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দিচ্ছি। গতকাল বুধবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।
গতকাল চলতি ১৯তম অধিবেশনের পঞ্চম কার্যদিবস হলেও বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল সংসদে যোগদান করেনি। সিরাজুল আকবরের সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ নেতা এসব কথা সংসদকে জানান। সংসদ নেতা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার তিন হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুত্ রেখে যায়। আর আমরা ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করেছি। কিন্তু বিরোধী দলীয় নেত্রী চোখে এসব উন্নয়ন দেখতে পান না।
এর আগে শামসুর রহমান শরীফের প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, গত ২ এপ্রিল একনেকে পাঁচ হাজার ৮৭ কোটি টাকা ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপন (প্রথম পর্যায়) নামক প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রথম চুক্তির আওতাভুক্ত সার্ভে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। দ্বিতীয় চুক্তির অধীনে ইঞ্জিনিয়ারিং সার্ভে, রিএ্যাক্টর ড্রইং, ডিজাইন ইত্যাদি শুরু হবে। আশা করা যায়, চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষরিত হবে। তাছাড়া আগামী বছরের শুরুর দিকে রাশিয়ান ফেডারেশনের সাথে মূল নির্মাণ কাজ শুরু এবং অর্থায়নের জন্য একটি জেনারেল কন্ট্রাক্ট ও মূল অর্থ চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
একটি বাড়ি একটি খামার
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গত ৩০ জুন পর্যন্ত ১৭ হাজার ৩০০টি গ্রাম উন্নয়ন সমিতি গঠিত হয়েছে। আর সরাসরি উপকারভোগী হচ্ছে ১০ লাখ ৩৮ হাজার পরিবার অর্থাত্ ৫১ লাখ দরিদ্র জনগণ।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার এবং পদ্মা সেতু প্রকল্প
বেগম নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পলাশী অভিমুখী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয়েছে। খুব দ্রুত যানবাহন চলাচলের জন্য এটি উন্মুক্ত করা হবে। ফ্লাইওভার চালুর পর রাজধানীর সাথে ৩০টি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। তিনি আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পের দু’টি প্যাকেজ হচ্ছে মূল সেতু নির্মাণ এবং নদী শাসন কাজ। এ জন্য কন্সট্রাকশন সুপারভিশন কন্সালটেশন (সিএসসি) নিয়োগ আহ্বান করা হয়েছে। এরপর ১১টি প্রতিষ্ঠানের নিকট থেকে প্রস্তাব দাখিল করা হয়েছে। বর্তমানে মূল্যায়ন চলমান রয়েছে। অপরদিকে পদ্মা সেতুর জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
আইন-শৃঙ্খলা
নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পুলিশে ৩২ হাজার ৩১টি জনবলের পদ সৃজনের অনুমোদন দেয়া হয়েছে, তন্মধ্যে ২৮ হাজার ৬৩২টি পদ সৃজনের মঞ্জুরী প্রদান করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ইতিমধ্যে ২৯টি থানা ও ৪৭টি নতুন তদন্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এছাড়া ৬২টি থানাকে মডেল থানায় উন্নীত করা হয়েছে। পুলিশের জন্য ৬২৪টি পিকআপ এবং দুই হাজার ১৭৮টি মোটর সাইকেল কেনা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা উন্নয়নে তালিকাভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতার, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, মোবাইল ও সাইবার ক্রাইম দমনসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগরসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে।
