আলীমের পক্ষে যুক্তিতর্ক শেষ করার তাগিদ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল আলীমের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। তবে ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক শেষ করার জন্য তাগিদ দিয়েছেন। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ গতকাল চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আলীমের আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা। গতকাল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত ১৭টি অভিযোগের মধ্যে ১০টি অভিযোগে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য প্রমাণাদির বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠন একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। হরতালের কারণে আসামিপক্ষের আইনজীবী না আসায় বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।