আমাকে চিনেছো তুমি কতোটুকু— এই পথে
পা ফেলার আগে জেনেছো কি কোথায় গন্তব্য
মাঝপথে ভাঙাসেতু চোরাবালি আছে কি না?
ভেবেছো, তুড়িতে উড়ে যাবো
তুলো হয়ে, ভেবেছো কলার খোসা
ফেলে রাখা যায় সহজেই—
এই দ্যাখো, তোমার দাম্ভিক তুড়ি থেকে শুরু
আমার ম্যাজিক; তুলো থেকে হয়ে যাই দূরগামী
সাদা কবুতর— এই দ্যাখো, ফেলে দেয়া কলার খোসাটি
পাখনা পেয়েছি প্রজাপতির, আর
উড়ে গিয়ে বসেছি তোমার অপরূপ চুলে
যতোটা হেয়ালি করে এই পথে এসেছিলে রানি
বুঝতে পারোনি এটা একদমই ওয়ান ওয়ে রোড।
